ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত সরদার মান্নু হাওলাদারকে (৫৪) গ্রেপ্তার করেছে র‍্যাব-৮।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলার শিবচর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৮, সিপিএসসি ও সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মান্নু হাওলাদার মাদারীপুর জেলার শিবচর থানার পাঁচচর ইউনিয়নের উত্তর বাখরেরকান্দি এলাকার গণি হাওলাদারের ছেলে। র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ আগস্ট ভোররাত ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে পিরোজপুর সদর থানার ১ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণকাঠী এলাকায় ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন সশস্ত্র ডাকাত ভিকটিম এমরান শেখের (৩০) বসতঘরের কেচি গেট ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ডাকাতরা প্রায় ৪ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। র‍্যাব জানায়, মামলার তদন্তে প্রধান সন্দিগ্ধ হিসেবে মান্নু হাওলাদারের নাম উঠে আসে। তাকে গ্রেপ্তারের জন্য পিরোজপুর সদর থানা পুলিশের পক্ষ থেকে র‍্যাব-৮-এর অধিনায়ক বরাবর অধিযাচনপত্র পাঠানো হয়।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্পের যৌথ দল অভিযান চালিয়ে মান্নু হাওলাদারকে গ্রেপ্তার করে। পরে তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।