লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মাদক উদ্ধার করতে গিয়ে পুলিশের এসআই, এএসআই, কনস্টেবল এবং এলাকাবাসীসহ অন্তত ২৫ জন ভীমরুলের কামড়ে আহত হয়েছেন। পরে তারা বিভিন্নভাবে প্রাথমিক চিকিৎসা নেন। রোববার সন্ধ্যায় উপজেলার বদরপুর ইউনিয়নের জনতা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মো. আলাউদ্দিন হাওলাদার নামে স্থানীয় এক স্কুল শিক্ষক জানান, জনতা বাজার এলাকার এক নারী মাদক ব্যবসায়ীকে এলাকাবাসী ঘেরাও করে থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশের একটি টিম। এ সময় এলাকাবাসী ও পুলিশ সদস্যদের ওপর হঠাৎ করেই ভীমরুল আক্রমন করে।
এতে পুলিশ ও এলাকাবাসীসহ অনেকে ভীমরুলের কামড়ে আহত হন। পরে শারমিন নামে ওই নারীকে ইয়াবাসহ আটক করে নিয়ে যায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ওসি মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বদরপুর ইউনিয়নের জনতা বাজার এলাকায় মাদক উদ্ধারে যায় পুলিশের একটি টিম।
সেখানে মাদক উদ্ধার অভিযানের একপর্যায়ে এসআই আসাদ, এএসআই আলামিন এবং তিনজন পুলিশ সদস্যসহ স্থানীয় ২০ থেকে ২৫ জন বাসিন্দা ভীমরুলের কামড়ে আহত হন। পরে পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অন্যান্যরাও বিভিন্নভাবে চিকিৎসা নিয়েছেন।