লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দুইশত কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার সকালে ভোলা জেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা দেওয়া হয়। এসব কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্বরুপ ক্রেস্ট, ফুল ও বই উপহার দেওয়া হয়।
‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ স্লোগানে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রঅধিকার সম্পাদক মো. রিয়াজুল ইসলাম।
এ সময় তিনি বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মেধার পাশাপাশি সততা, নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
এরআগে, কুরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক সেশন অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্রশিবিরের ভোলা জেলার সভাপতি আব্দুল হালিম আল জায়েদের সভাপতিত্বে এ সময় বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় দাওয়া সম্পাদক ড. মুফতি কামরুল হাসান শাহীন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মুহা. নিজামুল হক নাঈম, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারি মাওলানা কাজী হারুনুর রশিদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হক, ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি আল-আমিন ও অর্থ সম্পাদক ওমর শরীফসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।