নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বহুমুখী সিটি পাইকারি কাঁচাবাজারের ব্যবসায়ীরা। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বহুমুখী সিটি পাইকারি কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ ব্যবসায়ীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে ব্যবসায়ীরা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরে সেখানে শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন।

কিন্তু কিছুদিন ধরে স্থানীয় মামুন ওরফে রুইয়া মামুন ও তার কিশোর গ্যাংয়ের সদস্যরা বিএনপির নাম ভাঙিয়ে ব্যবসায়ীদের জিম্মি করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকার করলে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া এবং হামলার হুমকি দেওয়া হচ্ছে।

ব্যবসায়ীরা অনতিবিলম্বে এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা ও নির্বিঘ্নে ব্যবসা করার পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।

মানববন্ধন শেষে ব্যবসায়ী নেতৃবৃন্দ বরিশাল জেলা প্রশাসক মামুন খন্দকারের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। এদিকে মানববন্ধন চলাকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে দীর্ঘক্ষণ তীব্র যানজটের সৃষ্টি হয়।

ব্যবসায়ী নেতারা জানান, এই চাঁদাবাজির ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের কাছেও লিখিত অভিযোগ জমা দিয়েছেন তারা।