নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রংপুরের গঙ্গাচড়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত স্বামী শামীম মিয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে পঞ্চগড় ও লালমনিরহাটে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- শামীম মিয়া (২৪), সাজু মিয়া (৫০), আফরোজা বেগম (৪৬), সাথী বেগম (২২) ও আমিনুল গাটিয়া (৬০)।
বিপ্লব কুমার গোস্বামী বলেন, গঙ্গাচড়া উপজেলার চিল্লানির মাজার এলাকার বাসিন্দা শামীম মিয়ার সঙ্গে ২০২৪ সালে সুখী মনির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর শামীম ও তার পরিবার ২ লাখ টাকা যৌতুকের জন্য সুখী মনির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।
এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-মিমাংসা হয়। গত ১১ সেপ্টেম্বর রাতে যৌতুকের দাবিতে শামীম ও তার পরিবারের লোকজন সুখী মনির ওপর নির্যাতন শুরু করে।
এদিন রাত দেড়টায় কোলকোন্দ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান শরীফুল ইসলাম মোবাইল ফোনে সুখী মনির মৃত্যুর সংবাদ তার পরিবারকে জানায়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে সুখী মনির মরদেহের গলায় আঘাতের কালো দাগ দেখতে পান।
এ ঘটনায় নিহত গৃহবধূর মা রওশন বেগম বাদী হয়ে ১২ সেপ্টেম্বর গঙ্গাচড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ নিয়ে এলাকা চাঞ্চল্য সৃষ্টি হলে এসআরবি ছায়া তদন্ত শুরু করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে পঞ্চগড় বোদা উপজেলার মালিপুকুরী গ্রামে অভিযান পরিচালনা করে সাথী বেগম ও আমিনুল গাটিয়াকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকাল ৬টায় লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামে অভিযান পরিচালনা করে আত্মগোপনে থাকা মামলার প্রধান অভিযুক্ত শামীম মিয়া, সাজু মিয়া ও আফরোজা বেগমকে গ্রেপ্তার করে এসআরবি। বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে