লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় প্রধানমন্ত্রীর ঘোষিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

সভায় বক্তারা বলেন, আগামী শনিবার উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। পাশাপাশি প্রতিটি ইউনিয়নের বাজার, জনসমাগমস্থল ও অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায়, যেখানে ডেঙ্গুবাহী এডিস মশার প্রজনন ও উপদ্রবের আশঙ্কা বেশি, সেসব স্থান নিয়মিত পরিষ্কার এবং পর্যবেক্ষণের আওতায় আনা হবে।

এছাড়া পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানকে নিজ নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে।

এ জন্য পুরো উপজেলাকে কয়েকটি অঞ্চলে ভাগ করে পাঁচজন ফোকাল পয়েন্ট কর্মকর্তা নির্ধারণ করা হয়েছে। তাদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও নিয়মিত মনিটরিং করা হবে।

এ সময় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু মাহমুদ তালহা সাদী, উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি হাফেজ মাওলানা রাশেদুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।