মোঃমনছুর আলম জেলা প্রতিনিধি ভোলা : ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে ও মশার প্রজননস্থল ধ্বংস করতে ভোলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছেন আলীনগর ৩নং ওয়ার্ডের পশ্চিম ছিফলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। এ সময় জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করা হয়।
সহকারী শিক্ষক রাবেয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। শিক্ষার্থীরাও এ বিষয়ে পরিবার ও সমাজের মানুষকে সচেতন করার আহ্বান জানায়।
তারা বলেন, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।