নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মুন্সিগঞ্জের লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজের পাহারাদারকে বেঁধে ৯৫টি পুরোনো ব্যাটারি ও ২২টি চার্জার লুটের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ব্যাটারিগুলো উদ্ধার করা হয়েছে। লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য সাড়ে ১০ লাখ টাকা।

আজ শুক্রবার সকালে পদ্মা সেতু (উত্তর) থানার সামনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পটুয়াখালীর বাউফল উপজেলার মো. মাসুদ (৩৩), মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার আছলাম শেখ (৩৮) এবং টঙ্গিবাড়ী উপজেলার সজিব ফকির (২৯)।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, গত ১৯ সেপ্টেম্বর রাত ৩টার দিকে দক্ষিণ মেদিনীমণ্ডলের মাওয়া পুরোনো ঘাট এলাকায় সুরেশ্বর ফারুক নামে একটি অটোরিকশার গ্যারেজে ৩–৪ জন মুখোশধারী ব্যক্তি দরজার শিকল ও তালা কেটে ভেতরে প্রবেশ করে।

তারা গ্যারেজের পাহারাদার মাসুমকে রশি দিয়ে হাত-পা এবং গামছা দিয়ে মুখ বেঁধে মারধর ও হত্যার হুমকি দেয়। পরে গ্যারেজে থাকা ২২টি অটোরিকশা থেকে ৯৫টি পুরোনো ব্যাটারি ও ২২টি চার্জার একটি পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর পদ্মা সেতু (উত্তর) থানায় একটি মামলা করা হয়।

মো. আনিছুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ীর তামিম এন্টারপ্রাইজের সামনে অভিযান চালিয়ে মো. মাসুদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৯৫টি ব্যাটারি উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার মাসুদ জানান, তিনি সিরাজদিখান উপজেলার আছলাম সাইকেল স্টোরের মালিক আছলাম শেখের কাছ থেকে ৬ লাখ ৭৪ হাজার টাকায় ব্যাটারিগুলো কিনেছেন। তাঁর দেওয়া তথ্যে রাত সাড়ে ৮টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর চৌরাস্তায় অভিযান চালিয়ে আছলাম শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

পরবর্তীতে আছলাম শেখের দেওয়া তথ্যে রাত ১০টার দিকে টঙ্গিবাড়ীর দক্ষিণ বেতকা নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে সজিব ফকিরকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান আরও বলেন, গ্রেপ্তার আছলাম শেখের বিরুদ্ধে এর আগে সিরাজদিখান ও শ্রীনগর থানায় চারটি মাদকের মামলা রয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।