উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল)- সম্মিলিত উদ্যোগে ডেঙ্গুমুক্ত বাকেরগঞ্জ উপজেলা গড়ে তোলাই পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের মূল লক্ষ্য। সকলের উচিত ড্রেন, নালা, রাস্তার পাশ ও বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা এবং পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা।
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল। “রাখিব চারপাশ পরিস্কার, করিবো ডেঙ্গু ও মশক প্রতিকার” প্রতিপাদ্য সামনে রেখে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি পালন করা হয়।
পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক মৃধার সভাপতিত্বে পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ও ইউনিয়নের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক দেবাশীষ দাস দোলন, ইউনিয়ন বিএনপির সভাপতি খাইরুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক আমির হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক হারুন খান, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান মোতালেবসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা। উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, আমাদের মূল লক্ষ্য বাকেরগঞ্জবাসীর কাছে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ডেঙ্গুমুক্ত উপজেলা উপহার দেওয়া।
সবার কাছে সেই মেসেজটি পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা পাদ্রীশিবপুর ইউনিয়নের কাটাখালী খাল কচুরিপানা মুক্ত করে পরিষ্কার করছি। আসুন সকলে নিজের ঘর ও আশপাশ পরিষ্কার রাখি, জমে থাকা পানি অপসারণ করি এবং সম্মিলিত উদ্যোগে ডেঙ্গুমুক্ত বাকেরগঞ্জ উপজেলা গড়ে তুলি। সকলের উচিত কোনোভাবেই রাস্তা-ঘাটে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিন না ফেলা।
আমরা আশা করি আমাদের এই কার্যক্রম দেখে স্থানীয় যে সমস্ত সামাজিক-সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারাও পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজে উৎসাহিত হবে। পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফারুক মৃধা বলেন, পাদ্রীশিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে কাটাখালী খাল কচুরিপানা মুক্ত করার মাধ্যমে আজকে যে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে এর ধারাবাহিকতা ধরে রাখতে ইউনিয়নের সর্বত্র আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছা রয়েছে। উপজেলা প্রশাসন, ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মী ও এলাকাবাসীকে ধন্যবাদ জানাই আজকের এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করার জন্য।