নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার দৌলতখানে আলোচিত লিটন হত্যা মামলার আসামিদের ফাঁসি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

শনিবার ভোলার দৌলতখান উপজেলা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। মানববন্ধন শেষে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, লিটনকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিন। পরে তার লাশ প্রতিবেশী ইয়াসমিনের নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতর গুম করেন। এরপর পুলিশ তার লাশ উদ্ধার করে।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেনÑ নিহত লিটনের স্ত্রী রিনা বেগম, ভাই লিটনসহ পরিবারের অন্য সদস্যরা। এ ঘটনায় নিহতের বাবা হারুন নায়েব বাদী হয়ে দৌলতখান থানায় হত্যা মামলা করেন। পুলিশ প্রধান আসামি ইয়াসমিন বেগম ও শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে।

দৌলতখান থানার ওসি ফখরুল ইসলাম জানিয়েছেন, মামলার প্রধান আসামি ইয়াসমিন বেগম ও অপর আসামি শাহাবুদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।