রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় মানবপাচার মামলার আসামী তরিকুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে বুধবার দুপুরে বরিশাল এসআরবি-৮” র সহায়তায় বানারীপাড়া থানা পুলিশ বরিশাল নগরীর কাউনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মামলা সুত্রে জানা গেছে,বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষ্মণকাঠী গ্রামের সেলিম হোসেন বেপারীর ছেলে আমিনুল ইসলামকে (২২) সৌদি আরবে অর্ধ লক্ষাধিক টাকা বেতনে উন্নত হোটেলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চার লাখ টাকা নেন আসামী তরিকুল ইসলাম।
গত ১১ ফেব্রুয়ারী আমিনুল ইসলামকে সৌদিআরবে নেওয়া হলেও কোন কাজ দেওয়া হয়নি। তাকে ওয়ার্ক পারমিট ও আকামাসহ বৈধ কোন কাগজপত্র না দিয়ে উল্টো আটকে রেখে মানসিক ও শারিরীকভাবে নির্যাতন করা হয়।
এক পর্যায়ে দেশে ফেরত পাঠানোর কথা বলে আমিনুল ইসলামের পরিবারের কাছ থেকে আরও ৩৫ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু তাকে দেশে পাঠানো হয়নি। ছেলের দুঃশ্চিন্তায় বাবা- মা দিশেহারা হয়ে পড়েন। সৌদিআরবে অবৈধ হিসেবে আমিনুল ইসলাম মানবেতর জীবনযাপন করছেন।
তার কাছে বৈধ কোনকাগজপত্র না থাকায় দেশে ফিরতে পারছেন না। নিরুপায় হয়ে আমিনুল ইসলামের পিতা সেলিম হোসেন বেপারী বাদী হয়ে গত ৯ সেপ্টেম্বর বরিশাল মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালে বরিশাল নগরীর কাজিপাড়া সড়কের বগুড়া-আলেকান্দা এলাকার তরিকুল ইসলামের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ এনে মামলা দায়ের করেন।
আদালতের বিচারকের সৈয়দ আবিদুল হকের নির্দেশে গত ২০ সেপ্টেম্বর মামলাটি বানারীপাড়া থানায় রুজু করা হয়। এ মামলায় আসামী তরিকুল ইসলামকে বুধবার দুপুরে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে বরিশাল আদালতে পাঠানো হয়।