নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” (The Age of Longevity: Rethinking Systems for Longer Lives) প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় উদযাপিত হলো ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস।

বৃহস্পতিবার ১লা অক্টোবর ২০২৬ জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রবীণ হিতৈষী সংঘ বরগুনার যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা।

এসময় আরও উপস্থিত ছিলেন বরগুনা পুলিশ বিভাগের প্রতিনিধি, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রবীণ হিতৈষী সংঘের মহাসচিব, গণমাধ্যম কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের বোঝা নন, তাঁরা আমাদের অভিজ্ঞতার ভান্ডার। তাঁদের জীবনযাত্রার মান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের দীর্ঘ জীবনের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।