ভাণ্ডারিয়া (পিরোজপুর ) প্রতিনিধিঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কৃষকদের মাঝে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১অক্টোবর) বিকেলে ভাণ্ডারিয়া পৌরসভা মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আ্ধসঢ়;য়াজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও পিরোজপুর -২ আসনের সংসদ সদস্য আহম্মেদ সোহেল মনজুর। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এই কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন কৃষি সেবা, সরকারি সহায়তা ও প্রণোদনা সেবা পাবেন। ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুর খামারবাড়ির উপ-পরিচালক সৌমিত্র সরকার, ভাণ্ডারিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসিবুল ইসলাম শাওন ও ইমরান হোসেন সহ উপকারভোগি কৃষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের প্রথম ধাপে ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাঠি ইউনিয়নের ১ হাজার ৬২৪ জন কৃষকের মাঝে এ কার্ড ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। স্থানীয় কৃষি দপ্তর সূত্রে জানা গেছে , কৃষক কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে কৃষকদের বিভিন্ন ধরনের সরকারি কৃষি সেবা, উপকরণ, প্রণোদনা, ঋণ, প্রশিক্ষণসহ নানা কৃষি সেবা প্রদান করা হবে। এতে প্রকৃত কৃষকদের শনাক্তকরণ এবং তাদের কাছে সরকারি কৃষি সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।