নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আদালতে বিচারাধীন এবং নিষেধাজ্ঞা থাকা জমিসংক্রান্ত বিরোধে সংশ্লিষ্ট পক্ষকে দলীয় কার্যালয়ে হাজির হওয়ার নোটিশ দেওয়ায় কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারকে কারণ দর্শাতে বলেছে পটুয়াখালী জেলা বিএনপি।

শনিবার (৩ অক্টোবর) পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত নোটিশে তাকে ৪৮ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

জেলা বিএনপির নোটিশে বলা হয়েছে, বিচারাধীন ও আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা জমিসংক্রান্ত বিষয়ে কুয়াকাটা পৌর বিএনপির কার্যালয়ে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া এবং হাজির না হলে একতরফাভাবে বিচার করে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ তাদের নজরে এসেছে। এ-সংক্রান্ত একটি নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

নোটিশে আরও বলা হয়, বিচারাধীন ও আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা একটি বিষয়কে কেন্দ্র করে এ ধরনের কার্যক্রম দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক আচরণ ও দলের ভাবমূর্তির পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে। বিষয়টিকে গুরুতর উল্লেখ করে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে

এদিকে, কুয়াকাটা পৌর বিএনপির পক্ষ থেকে জারি করা একটি নোটিশে জমি বিরোধ সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি বা বিচার কার্য পরিচালনার জন্য সংশ্লিষ্ট পক্ষকে দলীয় কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র, সাক্ষী ও প্রমাণাদিসহ উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

নির্ধারিত সময়ে উপস্থিত না হলে অনুপস্থিতিতেই অভিযোগের বিষয়ে একতরফাভাবে সিদ্ধান্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ওই নোটিশে উল্লেখ করা হয়।

জেলা বিএনপির শোকজ নোটিশে এ ধরনের দলীয়ভাবে বিচার কার্যক্রম পরিচালনার বিষয়টিকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় দলের ভাবমূর্তির বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে।