নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে আইনি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার পাশাপাশি ভারতের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঢাকায় শনিবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বক্তব্যের প্রসঙ্গ টেনে এক সাংবাদিক প্রশ্ন করলে শামা ওবায়েদ বলেন, ‘শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়ার বিষয় তো রয়েছে।
তবে এর পাশাপাশি রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে। আসামিদের ফেরত আনার জন্য যে প্রত্যর্পণ প্রক্রিয়া চলছে, তা যেন আরও দ্রুত সম্পন্ন হয় ভারত সরকার সেদিকে নজর দেবে বলে আমরা আশা করি।’
প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানো সম্ভব কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই। চুক্তি অনুযায়ী আসামিদের ফেরত আনা সম্ভব এবং সেই প্রক্রিয়াই এগিয়ে নেওয়া হচ্ছে।’
এদিকে প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যুক্তরাষ্ট্র সফর ও ভিসা জটিলতার গুঞ্জন নাকচ করেছেন শামা ওবায়েদ। তিনি বলেন, ‘গুঞ্জনে কান দেওয়া ঠিক নয়। আপনারা মিডিয়ার প্রতিনিধিরা সত্য যাচাই করে খবর প্রকাশ করবেন, এটাই আমাদের প্রত্যাশা।’
তিনি জানান, স্যান ফ্রান্সিসকো সফরের কোনো পরিকল্পনা প্রধানমন্ত্রীর ছিল না। সেখানে আইসিটি উপদেষ্টা, শিক্ষা প্রতিমন্ত্রী, অর্থ উপদেষ্টা ও তার সমন্বয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা ছিল। এ ছাড়া তুরস্ক সফরের বিষয়ে তিনি জানান, প্রধানমন্ত্রীর সফর রয়েছে। তবে সফরের সময় ও স্থান পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে জানাবে।