নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোজপুরী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সঞ্জনা পাণ্ডে শুটিং সেটে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। আসন্ন সিনেমা ‘ভূতনি কা বদলা’র একটি দৃশ্যের শুটিংয়ের সময় হঠাৎ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আগুন। একপর্যায়ে আগুনের শিখা সঞ্জনার পোশাকে লেগে যায়। তবে ইউনিটের সদস্যদের দ্রুত তৎপরতায় আগুন নিভিয়ে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ভারতের উত্তরপ্রদেশের জৌনপুরের বদলাপুরে সিনেমাটির শুটিং চলছে। চিত্রনাট্যের প্রয়োজনে একটি দৃশ্যে আগুন ব্যবহার করা হচ্ছিল। সঞ্জনা তখন আগুনের মধ্যে দাঁড়িয়ে দৃশ্যটির শুটিং করছিলেন।

এ সময় হঠাৎ জোরে বাতাস শুরু হলে আগুন ছড়িয়ে পড়তে থাকে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা অভিনেত্রীর কাছাকাছি চলে আসে এবং তার পোশাকে আগুন ধরে যায়।

পরিস্থিতি বুঝতে পেরে শুটিং ইউনিটের সদস্যরা দ্রুত ছুটে এসে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এরপর সঞ্জনাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ঘটনায় তিনি আহত হননি।

সেটে থাকা অন্য কোনো সদস্যও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে শুটিং সেটে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ার দৃশ্য দেখা গেছে।

ঘটনা প্রসঙ্গে সঞ্জনা জানান, চিত্রনাট্যের প্রয়োজনেই তাকে আগুনের মধ্যে দাঁড়িয়ে দৃশ্যটির শুটিং করতে হচ্ছিল। কিন্তু শুটিংয়ের সময় হঠাৎ জোরে বাতাস শুরু হওয়ায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এরপর আগুনের শিখা তার দিকে চলে এসে পোশাকে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পরও সিনেমাটির কাজ নিয়ে আশাবাদী সঞ্জনা। দর্শক মুক্তির পর সিনেমাটির গল্প, উপস্থাপনা ও শিল্পীদের অভিনয় উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।