নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় চিপস কিনে দিয়ে দুই কন্যাশিশুকে সড়কের পাশে ফেলে রেখে গেছেন এক ‘পাষণ্ড মা।’ এমনকি কন্যাশিশুদের দায়িত্ব আর নিতে চান না বলেও জানিয়েছেন তিনি।
রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের দক্ষিণ বাজার এলাকার রোজ গার্ডেন মডেল স্কুলসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ফেলে রেখে যাওয়া শিশু দুজন দেড় বছর বয়সী রোজা ও তার বড় বোন পাঁচ বছর বয়সী ইসরাত। তারা উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের নাছির ও জেসমিন দম্পতির মেয়ে।
স্থানীয়রা জানান, উপজেলার সদর বাজারের দক্ষিণ বাজার এলাকায় শিশু দুটিকে কান্না করতে দেখে তারা এগিয়ে যান। পরে পাঁচ বছরের ইসরাত জানায়, তাদের মা চিপস কিনে দিয়ে কোথায় যেন চলে গেছেন। সে আর ফিরে আসেননি। এ সময় শিশু দুটির পরিচয় শনাক্ত ও স্বজনদের খুঁজে পেতে স্থানীয় কয়েকজন তাদের ছবি ও ভিডিও ফেসবুকে প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও দেখে শিশু দুটির এক চাচি ঘটনাস্থলে পৌঁছান। এরপর স্থানীয়রা তার পরিচয় নিশ্চিত করে শিশুদেরকে হস্তান্তর করে।
শিশুদের চাচি স্থানীয়দের জানান, তাদের বাবা কুমিল্লা নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালায়। তারা আগে কুমিল্লা শহরেই বাস করতেন। তবে শিশু দুটির বাবা নাছির ও মা জেসমিনের মধ্যে চার মাস আগে বিচ্ছেদ হয়েছে। তাদের মা অন্যত্র বিয়ে করেছেন।
এ সময় শিশুদের চাচি ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে মোবাইলে জেসমিনের সঙ্গে কথা বলেন। ফোনে জেসমিন জানান, তিনি ইচ্ছে করেই শিশুদের ফেলে গেছেন। তাদের আর ফিরিয়ে নেবেন না। এসময় শিশু দুটির বাবাকে ফোন দেওয়া হলে অবশ্য তার মোবাইল বন্ধ পাওয়া যায়।
তবে কী কারণে শিশু দুটিকে সেখানে এভাবে রেখে যাওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় শিশু দুটির মা-বাবা ও সংশ্লিষ্ট কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মো. ফারুক হোসেন বলেন, বিষয়টি শুনেছি। স্থানীয় এক ডাক্তার ফোন করেছিলেন। তবে পরিবারের লোকজন ওই ডাক্তারের দোকানে চলে আসায় তাদের কাছে ওই দুই শিশুকে হস্তান্তর করা হয়েছে।