নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজশাহীর তানোরে কলমা ও পাঁচন্দর এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে পৃথক বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে এসব ঝটিকা মিছিল বের করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ মশাল নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন নিষিদ্ধ সংগঠনগুলোর নেতাকর্মীরা। মিছিল থেকে বিভিন্ন সরকারবিরোধী ও দলীয় স্লোগান দেওয়া হয়।

পৃথক দুটি মিছিল কলমা ও পাঁচন্দর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়। এরপর মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপনে চলে যান।

এদিকে, বিক্ষোভ মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাতেই সংশ্লিষ্ট এলাকায় বিশেষ অভিযান শুরু করে পুলিশ। আকস্মিক এসব মিছিলের ঘটনায় এলাকায় উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুলিশ জানিয়েছে, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাড়তি নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন, মিছিলে অংশগ্রহণকারীদের গ্রেফতারে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।