ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কচাঁ নদীর চরখালী মোহনায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদীভাঙন রোধ এবং নদীতীরবর্তী বসতভিটা ও জনপদ রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার চরখালী ফেরিঘাট এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একপর্যায়ে মানববন্ধনটি অবরোধে রূপ নিলে সড়ক ও নৌপথে চলাচল ব্যাহত হয়। প্রায় দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর উপজেলা প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

কচাঁ নদীর তীরবর্তী ভাঙনকবলিত এলাকার সর্বস্তরের মানুষের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, চরখালী মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী এলাকার ঘরবাড়ি, বসতভিটা ও জনপদ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এভাবে বালু উত্তোলন অব্যাহত থাকলে নদীভাঙন আরও তীব্র হতে পারে। এতে বহু পরিবার তাদের বসতভিটা ও সহায়-সম্বল হারানোর আশঙ্কায় রয়েছেন। বক্তারা আরও বলেন, নদীতীরবর্তী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে।

পাশাপাশি নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া, ক্ষতিগ্রস্ত জনপদ রক্ষা এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানববন্ধন চলাকালে দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক ও ফেরিঘাটে অবস্থান নেন। এতে ফেরি চলাচল বন্ধ হয়ে যানবাহন ও যাত্রীদের চলাচলে বিঘ্ন ঘটে। পরে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার আন্দোলনকারীদের আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।

এরপর ফেরি চলাচলসহ সড়ক ও নৌপথে যোগাযোগ স্বাভাবিক হয়। মানববন্ধনে বক্তব্য দেন পিরোজপুর জেলা ট্যাক্সি, অটোরিকশা ও অটোটেম্পো মালিক সমিতির সাধারণ সম্পাদক ও যুবদল নেতা মো. আল-আমীন হাওলাদার, ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম, স্থানীয় আবদুল ওহাব মাঝি, মানিক মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মোঃ তরিকুল ইসলাম ভাণ্ডারিয়া, পিরোজপুর।