নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিটি করপোরেশনের সহযোগিতায় বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনের পুনর্বাসন ও সংস্কার কাজের সূচনা করে নগর প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বলেছেন, সাংবাদিকদের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বরিশাল প্রেসক্লাব।

অতীতের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বরিশাল প্রেস ক্লাবের গৌরবময় ভূমিকা রয়েছে। এ কারণে আমরা বরিশালবাসীও গর্বিত। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পরিবেশ সুগম করতে প্রেসক্লাবের অবকাঠামোগত মান উন্নয়নে বরিশাল সিটি করপোরেশন সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

নগর প্রশাসক অতীতের স্মৃতিচারণ করে বলেন, ‘৫২’র ভাষা আন্দোলন, ‘৬৯-এর গণ-অভ্যুত্থান, ‘৭১’র মুক্তিযুদ্ধ এবং ‘৯০’র স্বৈরাচারবিরোধী আন্দোলনের পরে জুলাই বিপ্লবে বরিশাল প্রেসক্লাবের গৌরবময় ভূমিকা রয়েছে।

এ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ প্রতিটি আন্দোলন ও সংগ্রামে জনগণের পাশে ছিলেন বলেই তা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হয়েছে বলেও মত প্রকাশ করেন নগর প্রশাসক। অনুষ্ঠানে বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং সম্পাদক এসএম জাকির হোসেন ছাড়াও জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মীবৃন্দও অংশ নেন।