নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে ডাকাতির মুখে পড়েছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানি। গতকাল রোববার রাতে কুমিল্লায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে উপজেলার পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে রফিকুল ইসলাম মাদানি ডাকাতের কবলে পড়েন। তাৎক্ষণিক তিনি ফেসবুক লাইভে এসে তাকে রক্ষা করার আকুতি জানান।
তিনি লাইভে জানান, সড়কের মধ্যে বড় বড় পাথর ফেলে গাড়ির গতিরোধ করে ডাকাতি করা হচ্ছে। তার গাড়ি একটু দূরে থাকায় তিনি রক্ষা পেয়েছেন। ডাকাতরা রামদা নিয়ে ডাকাতি করছেন। এ সময় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। তবে তার কাছ থেকে কোনো কিছু খোয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
তিনি আরো জানান, ডাকাতদের দেখে তার গাড়ি চালক গাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়ার কারনে তারা রক্ষা পেয়েছেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ‘বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তবে ডাকাতি সংঘটিত হয়নি, চেষ্টা করেছে। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।’