পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ফজিলা রহমান ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আইপি মিত্রা দেশব্যাপী নজরুল বর্ষ-২৬ উপলক্ষে নজরুলসংগীত প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর বরিশাল বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান অধিকার করেছে। এ সাফল্যের মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে আইপি মিত্রা।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। নজরুলসংগীতে ধারাবাহিক সাফল্যে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।
আইপি মিত্রা নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের মাঝিবাড়ির বাসিন্দা। তার বাবা আশুতোষ মিস্ত্রি সংগীতকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মা শংকরী রানী হালদার। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আগ্রহী আইপি মিত্রা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের প্রতিভার পরিচয় দিচ্ছে।
জানা গেছে, নজরুলসংগীত প্রতিযোগিতায় প্রথমে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে আইপি মিত্রা। এরপর জেলা পর্যায়েও প্রথম স্থান অর্জন করে সে। সর্বশেষ বরিশাল বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে এই শিক্ষার্থী।
এদিকে, আইপি মিত্রা ‘বাংলার সারেগামাপা প্রতিযোগিতা-২০২৬’-এর চূড়ান্ত পর্বেও অংশগ্রহণ করেছে। গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় তার অংশগ্রহণ সংগীতাঙ্গনে নিজের প্রতিভা তুলে ধরার আরেকটি সুযোগ তৈরি করেছে।
মেয়ের সাফল্যে আনন্দ প্রকাশ করে তার বাবা আশুতোষ মিস্ত্রি বলেন, “মেয়ের এই অর্জনে আমরা পরিবারের সবাই খুব আনন্দিত। সে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হওয়ার পর বিভাগীয় পর্যায়েও প্রথম স্থান অর্জন করেছে—এটি আমাদের জন্য গর্বের বিষয়। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি তার আগ্রহ রয়েছে। আমরা চাই, সে নিয়মিত সংগীতচর্চা চালিয়ে যাক এবং জাতীয় পর্যায়েও ভালো ফলাফল অর্জন করুক। মেয়ের এই সাফল্যের জন্য যারা তাকে সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, “পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা তাকে সব সময় উৎসাহ দিই। ভবিষ্যতে সে যেন একজন ভালো সংগীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা।”
নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন এবং জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় আইপি মিত্রাকে অভিনন্দন জানিয়েছেন তার শিক্ষক, সহপাঠী, পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। তাদের প্রত্যাশা, জাতীয় পর্যায়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে নেছারাবাদ ও পিরোজপুর জেলার সুনাম বয়ে আনবে এই শিক্ষার্থী।