ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আল আমিন ও সহকারী শিক্ষক রাবেয়া পারভিন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ থাকতে এবং বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি কমাতে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। বিশেষ করে খাবার খাওয়ার আগে, শৌচাগার ব্যবহারের পরে এবং শিশুদের পরিচর্যার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এ অভ্যাস পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।