নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সেরাল গ্রামে সড়কে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগ ওঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।

ওই মামলার আসামি হিসেবে মিন্টু সেরনিয়াবাতকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সেরাল গ্রামের মৃত ফজলুল হক সেরনিয়াবাতের ছেলে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।