নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসায় আলিম পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। ১৪ শিক্ষক থাকা সত্ত্বেও এ বছর পরীক্ষায় অংশ নেওয়া ছয় শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।
শুধু এ বছরই নয়, ২০২৫ সালেও প্রতিষ্ঠানটির ফলাফল ছিল একই। ওই বছর পরীক্ষায় অংশ নেওয়া নয় শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। পরপর দুই বছর এমন ফলাফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর আইটপাড়া আজিজিয়া আলিম মাদ্রাসা থেকে ছয়জন শিক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
ফলাফলের এমন বিপর্যয়ের কারণ জানতে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অমনোযোগী। এ ছাড়া ছাত্রীদের অনেকের বিয়ে হয়ে গেছে এবং মাদ্রাসায় আইসিটি শিক্ষক না থাকায় এমন ফলাফল হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস বলেন, এ প্রতিষ্ঠান থেকে আগেও শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিল। এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।
বর্তমানে ভাইস প্রিন্সিপালকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরও ফলাফলের এমন বিপর্যয় অত্যন্ত দুঃখজনক। বিষয়টি নিয়ে আবারও চিঠি দিয়ে প্রতিষ্ঠানের কাছে ব্যাখ্যা চাওয়া হবে।
প্রতিবছর এমন ফলাফলে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, শিক্ষার্থীদের এমন ফলাফলের দায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিতে হবে। শিক্ষকদের বেতন-ভাতা বন্ধসহ দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।