নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আওয়ামী লীগ এখন ‘মাটির নিচে চলে গেছে’ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘বহুরূপী দল আছে একটা, আর মাটির নিচে চলে গেছে আওয়ামী লীগ। নানান কথা কয়, হাসিনার আমলে এটা ছিল, ওটা ছিল। শত শত কোটি টাকা ঋণ করে গেছে। আপনাদের এক একজনের ঘাড়ের ওপর ৩৫ হাজার কোটি টাকা করে রেখে গেছে।’
শুক্রবার (৬ নভেম্বর) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সংক্ষিপ্ত সফরে এসে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, জনগণের ভোটে বর্তমান সরকার নির্বাচিত হয়েছে। জনগণের সহযোগিতায় সরকার দায়িত্ব পালন করছে। কড্ডা থেকে জামতৈল পর্যন্ত সড়ক প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ কাজের টেন্ডার হয়েছে। টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেই দ্রুত কাজ শুরু হবে। সরকারি আদেশ দেখুন
জ্বালানি সংকট প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের বর্তমান পরিস্থিতি সবাইকে বুঝতে হবে। যেসব দেশ থেকে জ্বালানি তেল, গ্যাস ও পেট্রোল আমদানি করা হয়, সেসব অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সৌদি আরবের তেল শোধনাগারেও হামলার ঘটনা ঘটেছে। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, এই সংকটের মধ্যেও দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার বেশি দামে বিদেশ থেকে গ্যাস কিনছে। দায়িত্ব গ্রহণের সময় গ্যাসের দাম ছিল ১২ ডলার, বর্তমানে তা বেড়ে ৩২ ডলারে দাঁড়িয়েছে। কয়েক মাসে সরকার ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে।
মন্ত্রী বলেন, এভাবে জ্বালানি খাতে ভর্তুকি দিতে থাকলে রাস্তাঘাট নির্মাণ, ফ্যামিলি কার্ড বিতরণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের মতো সামাজিক প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। তাই এ পরিস্থিতি মোকাবিলায় জনগণের সহযোগিতা প্রয়োজন।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনা দেশের উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করেননি। একটি সেতু নির্মাণের কথা বলা হলেও তা করতে গিয়ে দেশের ব্যাংকগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছে।
ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন লাইনও করা হয়নি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১০ মাসের মধ্যে সেই কাজ সম্পন্ন করেছে। এতে ময়মনসিংহে লোডশেডিং কমেছে।
সৌরবিদ্যুতের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। এ জন্য সবাইকে ঘরে ঘরে সোলার প্যানেল স্থাপনের আহ্বান জানান তিনি। এতে বিদ্যুৎ বিল কমবে এবং নিজস্ব উৎপাদিত বিদ্যুৎ নিজেই ব্যবহার করা সম্ভব হবে। এ ক্ষেত্রে সরকার সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।