ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অবৈধভাবে দখল করা ফুটপাত উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ক্ষুদ্র ব্যবসায়ীসহ ১১ ব্যবসায়ীকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান। আদালত সূত্রে জানা গেছে, ভাণ্ডারিয়া পৌর বাজারের জেলা পরিষদ মার্কেট, তাফসির মাঠসংলগ্ন ফুটপাত, মাছ বাজার, সবজি বাজার ও ফলপট্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের ফুটপাত দীর্ঘদিন ধরে দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন একদল ব্যবসায়ী। এতে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও সাধারণ পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।

ঐতিহ্যবাহী ভাণ্ডারিয়া বাজারে দূরদূরান্ত থেকে আসা ক্রেতা-বিক্রেতা ও পথচারীদের দুর্ভোগ লাঘব এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৮ ধারার অধীন ৪র্থ তফসিলের ৭ নম্বর ক্রমিকের অপরাধে ১০৯ ধারায় ১১ ব্যবসায়ীর কাছ থেকে মোট ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান বলেন, জনস্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ যেন ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা না করেন, সে বিষয়ে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। অভিযানে ভাণ্ডারিয়া থানা-পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।