নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জয়পুরহাট পৌর শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মারুফ হাসানকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ সম্বোধন করার পর তাকে বহিষ্কার করা হয়েছে।

‎রোববার (৮ নভেম্বর) জয়পুরহাট জেলা জিয়া পরিষদের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

জিয়া পরিষদের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর জয়পুরহাট জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় জয়পুরহাট পৌর শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মারুফ হাসান তার বক্তব্যে সংগঠনবিরোধী ও আপত্তিকর শব্দচয়ন করলে উপস্থিত সবাই প্রচণ্ড ক্ষুব্ধ হন ও অসন্তোষ প্রকাশ করেন।

তার এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যা জয়পুরহাট জেলা জিয়া পরিষদের দৃষ্টিগোচর হয়।

মারুফ হাসানের বক্তব্যে সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয় উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের সংগঠনবিরোধী বক্তব্য ও শৃঙ্খলা ভঙ্গের কারণে মারুফ হাসানকে প্রাথমিক সদস্যপদসহ জিয়া পরিষদের সব পদ হতে বহিষ্কার করা হলো।

‎এর আগে ৭ নভেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মারুফ হাসান শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ বলে উল্লেখ করেন। এ সময় উপস্থিত কয়েকজন এর প্রতিবাদ করেন। একপর্যায়ে হট্টগোল শুরু হলে তাকে বক্তব্য দেয়া থেকে বিরত রাখা হয়।

ওই আলোচনা সভার ব্যানারে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকা এবং সভায় শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ সম্বোধন করার সময় জেলা প্রশাসক (ডিসি) নীরব ছিলেন- এমন অভিযোগ এনে ওই দিন সন্ধ্যায় ডিসিকে প্রত্যাহারের দাবিতে ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল জেলা ছাত্রদল।