নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটি পুড়ে গেছে।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বাসস্টেশন এলাকার কাজলী ফার্মের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই এলাকায় দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা।

এ সময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তারিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে বাসটি পুড়ে গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, সন্ধ্যায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।