নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরের নেছারাবাদে দৈহারী ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সুদর্শন মন্ডলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার দৈহারী ইউনিয়নের গনকপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সুদর্শন মন্ডল দৈহারী ইউনিয়নের গণকপাড়া বাজার সংলগ্ন এলাকায় বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার ৮নং এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। বিকেল ৩টার দিকে দৈহারী ইউনিয়নের গনকপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতির পাশাপাশি তিনি দৈহারী ইউনিয়ন কমিউনিটি সেন্টারে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত ছিলেন। চাকরির পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন মানুষকে হয়রানি করাসহ তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি বাড়িতে ফিরে নানা ষড়যন্ত্রে যুক্ত হওয়ার চেষ্টা করছিলেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে তার ভাই সুব্রত মন্ডল বলেন, রাজনৈতিক বিরোধের জেরে মিথ্যা মামলায় আসামি করা হয়েছে। সুদর্শন মন্ডল দৈহারী ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের গ্রামের ৮নং ওয়ার্ডের বিপদ রঞ্জন মন্ডলের ছেলে। তিনি দৈহারী ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি।নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান বলেন, ‘সুদর্শন মন্ডলের বিরুদ্ধে অফিস ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। বিকেল ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।