নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নড়াইল জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সজিব মোল্যাকে আটকের পর ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে লোহাগড়া থানা পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তাকে আটক করা হলেও সন্ধ্যার পর থানা থেকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

আটক মো. সজিব মোল্যা সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. রউফ মোল্যার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পুলিশ সজিব মোল্যাকে আটক করে থানায় নিয়ে যায়। সন্ধ্যার পর নলদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিয়ার রহমানের সাক্ষ্যে এবং ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও বিএনপি নেতা মিজানুর রহমানের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তারা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে ছাড়াতে বিএনপির কতিপয় নেতা সহযোগিতা করেছেন, যা অত্যন্ত নিন্দনীয়।

এ বিষয়ে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সজিবকে পুলিশের কাছ থেকে ছাড়ানোর কোনো প্রশ্নই আসে না। ওসি শরিফুল ইসলাম জানিয়েছেন, সজিব নাকি জামায়াতের কর্মী এবং উপজেলা জামায়াত নেতার প্রত্যয়নে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বিএনপির কোনো নেতার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, উপজেলা জামায়াতের আমির হাদিউজ্জামানের লিখিত প্রত্যয়ন এবং পৌর জামায়াতের সাধারণ সম্পাদক ইমরান হোসাইনের দাবির পরিপ্রেক্ষিতে সজিবকে নলদী ইউনিয়নের জামায়াত কর্মী হিসেবে শনাক্ত করা হয়। পরে নলদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মশিয়ার রহমানকে সাক্ষী রেখে ইউপি সদস্য মিজানুর রহমানের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে লিখিত প্রত্যয়নের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন উপজেলা জামায়াতের আমির হাদিউজ্জামান। তিনি বলেন, এ বিষয়ে ওসির সঙ্গে আমার কোনো কথা হয়নি। কে বা কারা আমার স্বাক্ষর জাল করে ওই ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিয়েছে।

অন্যদিকে, সাক্ষী মশিয়ার রহমান ও জিম্মাদার মিজানুর রহমানও সজিবকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন এবং ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন।

তবে লোহাগড়া পৌর জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক ইমরান হোসাইন বলেন, সজিব ২০২৩ সালের পর থেকে ছাত্রলীগের রাজনীতি ছেড়ে দিয়েছেন এবং বর্তমানে জামায়াতের কর্মী হিসেবে কাজ করছেন।