নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশবোঝাই একটি ট্রলি উল্টে এর মালিক ফোরকান গাজী (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফোরকান গাজী ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের দেউরী গ্রামের মরতুজা গাজীর ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত ট্রলিটির মালিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাঁশবোঝাই ট্রলিটি ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়ক দিয়ে যাচ্ছিল। ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ট্রলিটি সড়কের পাশে উল্টে যায়। এতে ট্রলিতে থাকা ব্যক্তিরা ছিটকে পড়েন এবং নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ফোরকান গাজীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।