নিজস্ব প্রতিবেদক, বরিশাল: চার বছর পর আবার ঢাকার মঞ্চ মাতাতে এসেছেন ‘বিলিয়নেরা’ খ্যাত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। ‘ওটিলিয়া রিটার্নস : বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শীর্ষক এই কনসার্টে আন্তর্জাতিক সংগীতের সঙ্গে দেশীয় সুরের মেলবন্ধন ঘটাতে বাড়তি চমক হিসেবে থাকছে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড।

ঢাকায় পৌঁছে সামাজিক মাধ্যম ফেসবুকে ভক্তদের উদ্দেশে উচ্ছ্বাস প্রকাশ করে ওটিলিয়া লিখেছেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি।

এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শিগগির দেখা হচ্ছে।’ অন্যদিকে ওটিলিয়ার কনসার্টে নিজেদের অংশগ্রহণের বিষয়টি সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছেন ফুয়াদ আল মুক্তাদির নিজেই।

আন্তর্জাতিক পপ সংগীতের জনপ্রিয়তা এবং ফুয়াদ ও তার ব্যান্ডের দেশীয় সুরের পরিবেশনা মিলিয়ে দর্শক-শ্রোতাদের জন্য এক জমকালো আয়োজন অপেক্ষা করছে বলে আশা করা হচ্ছে।

আজ বিকাল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউর কোর্টসাইডে বসবে এই কনসার্ট। অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে। এর আগে ২০২২ সালে ঢাকায় আসেন ওটিলিয়া।