নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এসএম মশিউর রহমান শিহাব, সাবেক সংসদ সদস্য ফারজানা আক্তার সুমি এবং বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য মো. আল ইমরান বাপ্পি গাজীসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) মামলার বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সরকার উৎখাতের উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ, সড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি এবং উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে। ২৪ নভেম্বর রাতে বরগুনা সদর থানায় মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত হয়। মামলার বাদী মো. আবুল বাসার বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের বাসিন্দা ও জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

মামলার আসামিদের মধ্যে রানি নামের এক গৃহবধূ ও সেলিম নামের এক দোকানদার রয়েছেন। তবে তাঁরা অভিযোগ অস্বীকার করেছেন। রানি বলেন, তিনি একজন গৃহবধূ। কেন তাঁকে মামলায় আসামি করা হয়েছে, তা তিনি জানেন না। অন্যদিকে, সেলিম জানান, তিনি বিভিন্ন বাজারে আলু-পেঁয়াজ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। মামলায় আসামি হওয়ার পর তাঁকে পালিয়ে থাকতে হচ্ছে বলে দাবি করেন তিনি।

মামলার বাদী মো. আবুল বাসার (বিএসসি) বলেন, অর্থদাতা ও সংশ্লিষ্ট ব্যক্তিসহ ৩২ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তিনি সব আসামিকে দ্রুত আইনের আওতায় এনে তদন্তের মাধ্যমে দোষীদের যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য মো. আল ইমরান বাপ্পি গাজী বলেন, হয়রানিমূলক মামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা সম্ভব নয়। আমরা বাংলাদেশ ছাত্রলীগ, মিথ্যা মামলাকে ভয় করি না। রাজনৈতিকভাবে হয়রানি করে সংগঠনের নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়া সম্ভব নয়।

বরগুনা সদর থানার ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মামলার আসামি রাসেল অন্য একটি বিস্ফোরক আইনের মামলায় কারাগারে রয়েছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।