নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জেলার বাউফল উপজেলায় আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ শুক্রবার দুপুরে বিক্ষোভ মিছিলটি বাউফল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোলাবাড়ি এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক আসাদুর রহমান আসাদের সভাপতিত্বে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাউফল উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন।

এ সময় উপজেলা যুবদলের সাবেক সদস্য আলী আজগর সুজন, মো. শাহ আলম, জসিম খান সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সামুয়েল আহমেদ লেনিন বলেন, দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কোনো অপশক্তি যেন রাজনৈতিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। জনগণের অধিকার ও নিরাপত্তা রক্ষায় বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।