নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাটে ঢাকা-বরিশাল মহাসড়কে ১২ ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোর রাত ৪টা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় মহাসড়কের টেকেরহাট অংশে।

এতে চরম ভোগান্তিতে পড়েন দূরদূরান্তের যাত্রী ও চালকরা। দুপুরের দিকে অবরোধকারীরা সরে গেলে যানবাহন চলতে শুরু করে। তবে সড়কে খুবই কম সংখ্যক যানবাহন চলছে।

জানা গেছে, ভোর রাত থেকে দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ করে তারা।

এতে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
দীর্ঘ সময় ধরে যানবাহন আটকে থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের জরুরি যানবাহন ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। একইসঙ্গে জনগণ ও রাষ্ট্রের সম্পদ নষ্ট না করার জন্য অনুরোধ করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, মহাসড়কে অবরোধের বিষয়টি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অবরোধকারীদের মাইকে সড়ক ছেড়ে দিতে অনুরোধ করা হয়। দীর্ঘ সময় পর দুপুরে তারা মহাসড়ক ছেড়ে দেয়। দুপুর ২টা থেকে যানবাহন চলছে।