নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা।

রোববার (২৯ নভেম্বর) বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের মাধ্যমে এ ঘোষণা দেন আমতলী উপজেলার উত্তর কালীবাড়ী গ্রামের ইদ্রিস মৃধা। তাঁর ছেলে রাহাত মৃধা আমতলী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ঘোষণাপত্রে ইদ্রিস মৃধা উল্লেখ করেন, ছেলে রাহাত মৃধা তাঁর অবাধ্য হয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। এ কারণে তাঁর সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

ইদ্রিস মৃধা বলেন, ছেলে অবাধ্য হওয়ায় আইনজীবীর মাধ্যমে তাঁকে পরিবার থেকে বিচ্ছিন্ন করার ঘোষণা দিয়েছেন। এখন থেকে তাঁর সঙ্গে নিজের ও পরিবারের কোনো সম্পর্ক নেই।

তবে বাবার এমন ঘোষণার পরও নিজের রাজনৈতিক অবস্থানে অনড় থাকার কথা জানিয়েছেন রাহাত মৃধা। তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ তাঁর প্রাণ। তাঁকে ত্যাজ্য করলেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকেই জীবন কাটাতে চান তিনি। পরিবার থেকে বিচ্ছিন্ন হলেও এতে তাঁর কোনো সমস্যা নেই।