পিরোজপুর প্রতিনিধি ::: পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইকরি ইউনিয়নের দক্ষিণ ইকরি ব্রিজ সংলগ্ন নয়াবাড়ি মসজিদের সামনে পাকা সড়কে ইয়াবা কেনাবেচার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. শহিদুল ইসলাম (৩৫) ও মো. শরিফুল ইসলাম (২৮)।

পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবার সার্বিক নির্দেশনায় এসআই আবদুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ বিএইচএস নিউজকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাদের পিরোজপুর জেলা কারাগারে পাঠানো হবে।