ভোলা প্রতিনিধি ::: ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে অবস্থিত ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরেও গ্যাসের সন্ধান মিলেছে। রোববার (২৯ নভেম্বর) ভোরে কূপটির তৃতীয় স্তরের পরীক্ষা শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। পরীক্ষায় আগের দুটি স্তরের মতো তৃতীয় স্তরেও গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে।

বাপেক্সের তথ্য অনুযায়ী, কূপটির তৃতীয় স্তর থেকে প্রতিদিন ১২ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হতে পারে। তবে কূপটিতে মোট কী পরিমাণ গ্যাসের মজুত রয়েছে, তা জানতে সব ধরনের পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এর আগে কূপটির প্রথম ও দ্বিতীয় স্তরেও গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছিল। গত ৯ সেপ্টেম্বর কূপটির খননকাজ শুরু হয় এবং ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন শেষ করা হয়। গত ১৪ নভেম্বর পারফোরেশন সম্পন্ন হয় এবং ১৫ নভেম্বর সকাল ৮টা ২০ মিনিটে প্রথম ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) শুরু হয়।

ভোলার বোরহানউদ্দিন ও সদর উপজেলায় এখন পর্যন্ত তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে বাপেক্স। নতুন এই কূপ যুক্ত হওয়ায় এসব গ্যাসক্ষেত্রে মোট কূপের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে।