সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থী নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় উঠে এসেছে উপজেলা যুবদলের আহ্বায়ক রাকিবুল হাসান খান রাকিবের নাম।
স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা, ছাত্ররাজনীতির অতীত এবং পারিবারিক পরিচিতির কারণে তাঁকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন তাঁর অনুসারীরা।
ছাত্ররাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে পথচলা শুরু করেন রাকিবুল হাসান খান রাকিব। বর্তমানে তিনি বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। শিক্ষিত ও মার্জিত ব্যক্তিত্ব হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে বলে জানান ঘনিষ্ঠজনেরা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান তাঁর অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদের একটি অংশ। তাঁদের মতে, পারিবারিক ইতিহাস-ঐতিহ্য, স্থানীয় পর্যায়ে পরিচিতি এবং রাজনৈতিক সম্পৃক্ততা নির্বাচনে তাঁর সম্ভাবনাকে শক্তিশালী করতে পারে।
নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা নিয়ে রাকিবুল হাসান খান রাকিব বলেন, স্থানীয় জনগণের চাওয়া-পাওয়া এবং রাজনৈতিক নীতিনির্ধারকদের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দেশনা এলে তিনি অবশ্যই জনগণের পাশে থাকবেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেহেরগতি ইউনিয়নে আগামী নির্বাচনের সমীকরণ নির্ধারণে দলীয় অবস্থান, সম্ভাব্য প্রার্থী এবং ভোটারদের মনোভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সে ক্ষেত্রে রাকিবুল হাসান খান রাকিবের সম্ভাব্য প্রার্থিতা নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা যোগ করতে পারে।