নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কুড়িগ্রামের উলিপুরে মসজিদের ছাদের কার্নিশ (রেলিং) ভেঙে আব্দুল মমিন নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল মমিন একই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাগরিবের নামাজ আদায় করার জন্য অজুখানায় অজু শেষ করে মসজিদে প্রবেশের সময় আক‌স্মিকভা‌বে আব্দুল মমিনের ওপর ছাদের ওপরের কার্নিশ (রেলিং) ভেঙে পড়ে। এ সময় অন্য মুসল্লিরা আব্দুল মমিনকে রেলিংয়ের নিচ থে‌কে মৃত অবস্থায় বের করেন।

মুসল্লিরা জানান, বাড়ির পা‌শে মস‌জিদ হওয়ায় আব্দুল ম‌মিন নিয়‌মিত এ মস‌জি‌দে নামাজ পড়তেন। শ‌নিবার হঠাৎ মাগরিবের নামাজের সময় ওজু করে মসজিদে প্রবেশের সময় মাথার ওপর রেলিং ভেঙে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। প‌রে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নি‌য়ে যায়। উলিপুর থানা পুলিশের ওসি জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই।