নিজস্ব প্রতিবেদেক : ভোগান্তির আরেক নাম হয়ে উঠেছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার প্রধান সড়ক। কয়েক বছর ধরে কোনো প্রকার সংস্কার না হওয়ায় পুরো সড়কজুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। খানাখন্দে ভরা এই তিন কিলোমিটার সড়ক দিয়ে চলাচলের সময় প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। পাশাপাশি ধুলায় নাকাল হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তারা।
বরিশাল-বরগুনা আঞ্চলিক মহাসড়কের মির্জাগঞ্জ অংশ, যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সব সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান এবং বরগুনা জেলা থেকে বরিশাল ও রাজধানী ঢাকায় যাতায়াতের মূল পথ। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কের বেহাল দশা যেন দেখার কেউ নেই।
স্থানীয়রা জানান, গর্ত আর ধুলার কারণে যানবাহন চালক, যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়ছেন। অসুস্থ রোগীদের ভোগান্তি আরও অসহনীয় হয়ে উঠেছে। ধুলার কারণে অনেকেই শ্বাসকষ্টসহ বিভিন্ন ফুসফুসজনিত রোগে ভুগছেন বলে অভিযোগ।
বরগুনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌমা তালুকদার জানান, সড়কটি বাজারের ভেতর হওয়ায় ড্রেনেজ ব্যবস্থার সমস্যা থাকায় সংস্কারে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে পরিবেশবান্ধব ইউনিব্লক দিয়ে সড়কটি সংস্কারের বিষয়ে সমন্বয় সভায় আলোচনা হয়েছে। খুব দ্রুতই সংস্কারকাজ শুরু হবে। প্রতিদিন বরগুনা থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কয়েক শতাধিক যানবাহন এই সড়ক দিয়ে চলাচল করে। সড়কটি দ্রুত সংস্কার করা গেলে মির্জাগঞ্জ উপজেলাবাসীসহ বরগুনাবাসীদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আশা করছেন সবাই।