নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে ভয়াবহ এক প্রতারণার ঘটনা উদঘাটিত হয়েছে। ইউরোলজি ও জেনারেল সার্জনের পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে অপারেশনের মতো জটিল চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছিলেন এক ভুয়া চিকিৎসক।
অন্যের বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে তিনি রোগী দেখাসহ বিভিন্ন অস্ত্রোপচারও করেছেন। প্রশাসনের অভিযানে বেরিয়ে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য।
উপজেলার নূর মোহাম্মদ মুন্সী হাসপাতালে চিকিৎসকের পরিচয়ে কর্মরত ছিলেন ফিরোজ আহমেদ।
গতকাল সোমবার (১ ডিসেম্বর) গভীর রাতে উপজেলা প্রশাসনের টরকি এলাকায় অভিযানে তাকে আটক করা হয়। রাতেই গৌরনদী মডেল থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
ফিরোজ আহমেদের বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠিতে।
তিনি ঢাকা মেডিক্যাল কলেজের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আমিরুল ইসলামের পরিচয় ব্যবহার করতেন। যে বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর দিয়ে তিনি রোগীদের দেখতেন, তা ডা. আমিরুল ইসলামের রেজিস্ট্রেশন নম্বর। এই ভুয়া পরিচয় ব্যবহার করে ফিরোজ গৌরনদীসহ বরিশালের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ঝুঁকিপূর্ণ অপারেশনও করে আসছিলেন।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে অন্যের সনদ ব্যবহার করে রোগী দেখা ও অপারেশন করেছেন।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. প্লাবন হালদার এবং গৌরনদী মডেল থানার পুলিশ সদস্যরা।