ডেস্ক সংবাদ : দেশের মৎস্যসম্পদ সুরক্ষা ও নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের ধারাবাহিক বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত সাত দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, মাছ, পোনা ও জেলিযুক্ত চিংড়ি জব্দসহ মোট ৩০২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় দেশের বিভিন্ন নদী ও জলাশয়ে অভিযান চালিয়ে ৩ কোটি ৬ লাখ ১৯ হাজার ৯৬৫ মিটার অবৈধ ও নিষিদ্ধঘোষিত জাল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নৌ পুলিশ সদর দপ্তর এ তথ্য জানায়।
নৌ পুলিশ জানায়, আটক ও অবৈধ জাল জব্দের পাশাপাশি ৩ হাজার ৯৯০ কেজি মাছ, ২০ কেজি পাঙ্গাশ মাছের পোনা এবং ৩৫০ কেজি জেলিযুক্ত চিংড়ি উদ্ধার করা হয়। এ ছাড়া মাছের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত ১৮৬টি ঝোপঝাড় ধ্বংস করা হয়েছে। অভিযান চলাকালে বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ৯০টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয় এবং ১টি ড্রেজার জব্দ করা হয়েছে।
এ সময় মোট ৯১টি মামলা দায়ের করা হয়।
যার মধ্যে রয়েছে ৬২টি মৎস্য আইনে, ২০টি বেপরোয়া গতি আইনে, ৪টি অপমৃত‚ মামলা, চুরি ও ডাকাতির একটি করে ও দুইটি চাঁদাবাজি মামলা। এর বাইরে অভিযানে ৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে নৌ পুলিশ জানিয়েছে।
নৌ পুলিশ আরো জানায়, জব্দ করা সব অবৈধ জাল ও জেলিযুক্ত চিংড়ি ধ্বংস করা হয়েছে। উদ্ধারকৃত মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয় এবং অন্যান্য মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
নৌ পুলিশের দাবি, এ ধরনের নিয়মিত অভিযান মৎস্যসম্পদ রক্ষা, নদীর পরিবেশ উন্নয়ন এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।