নিজস্ব প্রতিবেদক : বরিশালের হিজলা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার।
সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনি। অন্যান্যদের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোঃ খুরশীদ আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শামীম আফ্রিদি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, উপজেলা সমবায় অফিসার মোঃ নুরুল ইসলাম সহ সার ডিলারগণ উপস্থিত ছিলেন।
সভায় কৃষি অফিসার আলোচনায় উল্লেখ করেন যে, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫ বাস্তবায়নের ক্ষেত্রে সার বিতরণ ব্যবস্থা সুশৃঙ্খল করে কৃষকের নিকট সময়মতো সার সহজলভ্য করার লক্ষ্যে ‘সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটি’র অনুমোদনক্রমে ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’ প্রণয়ন করা হয়েছে। এ নীতিমালার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ,
সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত বিদ্যমান দুইটি পৃথক নীতিমালার পরিবর্তে একক নীতিমালার আওতায় বিসিআইসি, বিএডিসি ও বেসরকারি মাধ্যমে সংগৃহীত সার বিতরণ কার্যক্রম পরিচালনা, ইউনিয়নে সার ডিলার ইউনিটের সংখ্যা সুনির্দিষ্টকরণ, একই পরিবারে একাধিক ডিলার নিয়োগের সুযোগ রহিতকরণ, ডিলারের কার্যক্রম আরো নিবিড়ভাবে মূল্যায়নের মাধ্যমে ডিলারশীপ বাতিল বা নবায়নের কার্যক্রম গ্রহণ, অনিয়ন্ত্রিত সাব ডিলার বা খুচরা বিক্রেতা ব্যবস্থা রহিতকরণ। এ নীতিমালা সুষ্ঠুভাবে কার্যকর করার জন্য ইউনিয়নের ক্ষেত্রে প্রতি তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত ডিলার ইউনিটে (কৃষি ব্লকে) একজন করে প্রতি ইউনিয়নে সর্বোচ্চ ০৩ (তিন) জন করে সার ডিলারকে দায়িত্ব প্রদান করা হবে। বর্তমানে নিয়োজিত বিসিআইসি ও বিএডিসি ডিলারেদের মধ্যে উক্তরূপে দায়িত্ব পুনর্বণ্টনের পর যদি কোনো ডিলার ইউনিট ডিলার শূন্য থাকে, সেসব ডিলার ইউনিটে এই নীতিমালার আলোকে নতুন ডিলার নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ইউনিয়ন পর্যায়ে নিয়োগ/দায়িত্বপ্রাপ্ত ডিলার তার অধিক্ষেত্রে অর্থাৎ নির্ধারিত তিনটি ওয়ার্ডের প্রতিটিতে তার নিজস্ব ব্যবস্থাপনায় একটি করে খুচরা বিক্রয় কেন্দ্র স্থাপন করবেন। হিজলা উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে হিজলা গৌরবদি ইউনিয়ন ও মেমানিয়া ইউনিয়ন ডিলার শূন্য রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার ডিলারদের উদ্দেশ্যে বলেন, সার নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। কৃষকরা যাতে সময় মতো ন্যায্য মূল্য সার পেতে পারেন সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক খেয়াল রাখতে হবে। কোনো ডিলার যদি সার নিয়ে কেলেঙ্কারিতে জড়িত হন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।