নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে শুরু হয়েছে দুই দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সোমবার (১৫ ডিসেম্বর) বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রথম দিনে অনুষ্ঠান চলে রাত ১০টা পর্যন্ত।
কবিতা আবৃত্তি, দেশের গান, মঞ্চ নাটক, সংগীত পরিবেশন ও আলোচনা সভা দিয়ে সাজানো এই বর্ণাঢ্য আয়োজন করে বাংলাদেশি সাংস্কৃতিক জোট বরিশাল।
সোমবার প্রথম দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মাহবুবুল হক, বাংলাদেশি সাংস্কৃতিক জোট বরিশাল এর আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর, ন্যাশনাল ডক্টরস ফোরামের বরিশাল জেলা সেক্রেটারি ডা. কে এম জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মুহাম্মাদ আতিকুল্লাহ।
সঞ্চালনা করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বরিশাল সংস্কৃতি কেন্দ্রের পরিচালক আযাদ আলাউদ্দীন। স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি পথিক মস্তফা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনায় অংশ নেয় বরিশাল সংস্কৃতি কেন্দ্র, বরিশাল সাংস্কৃতিক সংসদ, হেরাররশ্মি শিল্পী-গোষ্ঠী, সূচনা সাংস্কৃতিক সংসদ, বাকলা নাট্য মঞ্চ, জাতীয় কবিতা পরিষদ, সুফিয়ানা নাশিদ গ্রুপ, কণ্ঠশীলন একাডেমি, স্রোত আবৃত্তি সংসদ ও মুক্তবুলি পাঠক ফোরাম।