নিজস্ব প্রতিবেদক : পৌষের প্রথম পক্ষের হিমেল হাওয়ায় শীতে কাঁপছে দক্ষিণের জনপদ বাকেরগঞ্জ উপজেলার জনজীবন। গত দুই দিন ধরে উওরের হিমেল হাওয়ার প্রভাবে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে খেটে খাওয়া মানুষের জীবন যাত্রা। সারাদিনেও সূর্যের দেখা মিলেছে না।
উপজেলার প্রত্যন্ত এলাকার চরাঞ্চলে শীতের তীব্রতায় শিশু ও বৃদ্ধদের মাঝে বেরেছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। হাড় কাঁপানো এই শীতে জবুথবু হয়ে পড়েছে গরু ও ছাগল সহ গৃহ পালিত প্রাণী। অপরদিকে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় গভীর রাত থেকেই কুয়াশায় ঢাকা পড়েছে গোটা এলাকা। কুয়াশার কারণে পাকা আমন ধান কাটতে কৃষকদের ব্যাঘাত ঘটছে এবং সবজি সহ বিভিন্ন রবিশস্যে দেখা দিয়েছে পোকার আক্রমণ।
এদিকে শীত অপরদিকে তীব্র কুয়াশার কারণে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহন চালকদের।
শীতের তীব্রতায় বেশী জবুথবু উপজেলার নদী বেষ্টিত চরাঞ্চলের বাসিন্দারা। অপরদিকে শীত নিবারণের জন্য বাকেরগঞ্জের বিভিন্ন স্থানের গরীব ও ছিন্নমূল মানুষের মধ্যে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।