বরিশাল: বরিশাল নগরের সদর রোড এলাকায় একটি বহুতল ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (০৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে আদালত পাড়া সংলগ্ন দেওয়ান ভিলার তৃতীয় তলার ছাদে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভবনটির ছাদে থাকা রান্নাঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ছাদের রান্নাঘর ও সেখানে থাকা একটি পোলট্রি ফার্ম সম্পূর্ণরূপে পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি এবং ক্ষয়ক্ষতির পরিমানও তাৎক্ষনিক জানা যায়নি বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটনের স্টিমার ঘাট ফাঁড়ির এএসআই মেহেদী হাসান।