নিজস্ব প্রতিবেদক : বরিশালে হানিট্র্যাপ চক্রের এক নারীসহ দুই সদস্যকে আবাসিক হোটেল থেকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ মার্চ) রাতে বরিশাল নগরীর প্রাণকেন্দ্র গির্জামহল্লা এলাকার আবাসিক হোটেল ইম্পেরিয়াল থেকে তাদের আটক করে কোতয়ালী থানা পুলিশ।
আটকরা হলেন- হানিট্র্যাপ চক্রের নারী সদস্য মিলিতা দত্ত ম্যালাইসা ও সান্টু হাওলাদার।
এর আগে হানিট্র্যাপের শিকার হয়ে বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের বাসিন্দা মোফাজ্জেল হোসেন খানের ছেলে সিরাজুল ইসলাম খান বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
ওই মামলার আসামি হিসেবে আটক দু’জন এবং হোটেল মালিক ও ম্যানেজারসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলায়।
মামলায় সূত্রে জানা গেছে, একই এলাকার বাসিন্দা হাওয়ার সুবিধে হানিট্র্যাপ চক্রের সদস্য আব্দুর রহমানের সাথে পূর্ব পরিচয় ছিল ভুক্তভোগী যুবক সিরাজুল ইসলামের।
সেই সুবাদে গত ৭ মার্চ বিকেলে আব্দুর রহমান জরুরি কাজের জন্য সিরাজুল ইসলামকে গির্জামহল্লা এলাকায় দেখা করতে বলেন। রাত ৯টার দিকে গির্জামহল্লা এলাকায় গেলে আব্দুর রহমান তাকে হোটেল ইম্পেরিয়ালের চতুর্থ তলার একটি কক্ষে নিয়ে যান।
সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল হানিট্র্যাপ চক্রের ৮ থেকে ১০ জন সদস্য। রুমের সামনে গেলে চক্রের নারী সদস্য ম্যালাইসা ও অন্য সদস্যরা ভুক্তভোগীকে ফাঁদে ফেলে তরুণীর সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে আপত্তিকর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম রোববার সন্ধ্যায় জানান, ‘আটক ওই চক্রের নারীসহ দুইজনকে রোববার বিকেলে আদালতে প্রেরণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’