নিজস্ব প্রতিবেদক : বরগুনার পাথরঘাটায় ভিক্ষা করতে যাওয়ার পথে রাবেয়া (৬৫) নামের এক বৃদ্ধা ভিক্ষুকের কানের নোলক ও নাকফুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
সোমবার (৯ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে পাথরঘাটা পৌর শহরের পাথরঘাটা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাবেয়া চরদুয়ানী ইউনিয়নের টাকার খাল এলাকার সরকারি আদর্শ গ্রামের বাসিন্দা। তিনি একই গ্রামের মৃত চান মিয়া খায়ের স্ত্রী।
রাবেয়া অভিযোগ করে বলেন, ভিক্ষার জন্য পাথরঘাটা পৌরসভা ভবনের দিকে যাওয়ার পথে মডেল স্কুলের পিছনে পৌঁছালে অল্প বয়সী এক কিশোর হঠাৎ তার বাম কানের নোলক ও নাকফুল খুলে নেয়। পরে ডান কানের নোলকটি জোরপূর্বক ছিঁড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিন সোহেল জানান, ওই বৃদ্ধা কান্নাজড়িত অবস্থায় তার কাছে এসে বিষয়টি জানান। পরে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে বিষয়টি পাথরঘাটা থানাকে অবগত করা হয়েছে।